দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা কমে আসার পূর্বাভাস

প্রকাশ:

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ হ্রাস পেতে পারে। বেলা দুইটার পর থেকেই ঢাকার আকাশ কিছুটা পরিষ্কার হতে শুরু করেছে এবং আবহাওয়াবিদদের মতে, মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টির তীব্রতা আরও কমে আসবে। তবে এটি বৃষ্টি পুরোপুরি থেমে যাওয়ার ইঙ্গিত নয়, বরং আগামী বৃহস্পতিবার থেকে মৌসুমি বায়ু পুনরায় সক্রিয় হয়ে উঠলে বৃষ্টির প্রবণতা আবার বাড়তে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, অতি ভারী বৃষ্টির প্রবণতা কমে এলেও পুরোপুরি বৃষ্টি বন্ধ হবে না; বরং এক-দুই পশলা বৃষ্টি অব্যাহত থাকবে। তিনি আরও জানান, খুলনা ও সিলেট বিভাগে বৃষ্টির তীব্রতা কমে আসবে এবং ঢাকা বিভাগের মাদারীপুর ও ফরিদপুরসহ বিভিন্ন জেলায়ও একই পরিস্থিতি বিরাজ করতে পারে। রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত বিগত ২৭ ঘণ্টায় রাজধানীতে মোট ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাজধানীর আবহাওয়া প্রসঙ্গে আবুল কালাম মল্লিক বলেন, মঙ্গলবার রাজধানীতে বৃষ্টির তীব্রতা আরও কমবে এবং সামান্য সময়ের জন্য হলেও রোদের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত এই অবস্থা চলতে পারে, তবে এরপর থেকে বৃষ্টির হার আবারও বৃদ্ধি পেতে পারে। উল্লেখ্য, টানা কয়েকদিনের বৃষ্টির পর সোমবার দেশের ছয় বিভাগে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন