পাবনায় যাত্রা শুরু করলো আধুনিক সফট ইনডোর প্লে-গ্রাউন্ড পিএস ডিজনিল্যান্ড

প্রকাশ:

শিশুদের নিরাপদ খেলাধুলা ও স্বাস্থ্যকর বিনোদনের নতুন দিগন্ত উন্মোচন করে পাবনায় প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে আধুনিক সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ড’। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় পাবনা শহরের অদূরে গাছপাড়া তিন রাস্তার মোড়ে পিএস গ্রুপের উদ্যোগে নির্মিত এই বিনোদন কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রায় ১২ হাজার বর্গফুট আয়তনের এই প্লে-গ্রাউন্ডটির উদ্বোধন করেন দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ড. ওমর আলী। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই শিশু ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো এলাকাটি প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ওমর আলী বলেন, বর্তমান নগরজীবনে শিশুদের খেলাধুলার সুযোগ দিন দিন কমে যাচ্ছে, যা তাদের স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, পিএস ডিজনিল্যান্ড শিশুদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর বিনোদনের একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা তাদের সৃজনশীলতা বিকাশ এবং আনন্দময় শৈশব গড়ে তুলতে সহায়ক হবে।

প্লে-গ্রাউন্ডটি সম্পর্কে পিএস গ্রুপের চেয়ারম্যান জাহিদ হোসাইন পান্না জানান, শিশুদের জন্য একটি নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের স্বাচ্ছন্দ্যের বিষয়টিও এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্লে-গ্রাউন্ডটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এখানে শিশুদের প্রবেশ ও রাইড উপভোগের জন্য ৩২০ টাকা এবং অভিভাবকদের জন্য ১২০ টাকা প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে। একটি প্যাকেজের আওতায় শিশুরা দুই ঘণ্টা বিভিন্ন রাইড ও খেলাধুলার সুযোগ পাবে।

অভিভাবক রেহানা পারভীন ও প্রথমাসহ অনেকে জানান, পাবনায় শিশুদের নিয়ে নিরাপদ পরিবেশে সময় কাটানোর মতো মানসম্মত বিনোদন কেন্দ্রের বেশ অভাব ছিল। তাদের মতে, এই প্লে-গ্রাউন্ড চালু হওয়ায় শিশুদের স্ক্রিন নির্ভরতা কমবে এবং তারা খেলাধুলার মাধ্যমে প্রকৃত আনন্দ উপভোগের সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক উৎপল মীর্জা, রোটারিয়ান জালাল উদ্দিন এবং সাংবাদিক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান রাসেল ও রিজভী জয় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মিজানুর রহমান।

শেয়ার করুন