প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন এবং আর্থিক প্রণোদনা প্রদানের লক্ষ্যে সরকার আগামী মাসে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ প্রকল্প চালু করতে যাচ্ছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে সরকার এর আগে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের মতো উদ্যোগ বাস্তবায়ন করেছে। সেই ধারাবাহিকতায় প্রবাসী কার্ডের কার্যক্রম শুরু হচ্ছে। উপপ্রেস সচিব জানান, আগামী মাসের মাঝামাঝি সময়ে এই কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে এবং পরবর্তী সময়ে দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এর যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে মোট দুই লাখ প্রবাসী কার্ড বিতরণ করা হবে।
এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা বহুমুখী সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে দেশে-বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথে দ্রুত সেবা, আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সুবিধা, বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ে ডিসকাউন্ট, এবং গাড়ি বুকিংয়ের সুবিধা। এছাড়া সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ, বেসরকারি হাসপাতালে ডিসকাউন্ট, কার্ডধারীর মৃত্যুতে বিনা খরচে লাশ পরিবহন, বিমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি ও লাইসেন্স প্রাপ্তিতে অগ্রাধিকার এবং বিনিয়োগের সুযোগ থাকবে। পাশাপাশি রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা ও সরাসরি লেনদেনের সুবিধাও যুক্ত থাকবে এতে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে এই কার্ডের আওতায় আনার বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ খেয়াল রাখতে বলেছেন তিনি।
বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সচিব মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




