৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের ঘটনা অস্বীকার করে রাজনীতি সম্ভব নয়: তথ্যমন্ত্রী

প্রকাশ:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, জুলাই মাসের ঘটনাবলিকে অস্বীকার করে দেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়ায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী দৃঢ়তার সঙ্গে মন্তব্য করেন যে, আওয়ামী লীগকে অবশ্যই জুলাইয়ের ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং এ প্রক্রিয়ায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেছেন, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। তারা রাজপথে, ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে ছিল। এখনো রাজনৈতিক ওই প্রেক্ষাপট বাংলাদেশে সৃষ্টি হয়নি যেভাবে তিনি ভাবছেন।

তরুণ প্রজন্মের ওপর আলোকপাত করে মন্ত্রী বলেন, দেশের ১৫ থেকে ৩৫ বছর বয়সী প্রায় ৫ কোটি মানুষ এখন নতুন বাস্তবতায় দাঁড়িয়ে আছে। এই বিশাল জনগোষ্ঠীকে আওয়ামী লীগের পুরনো বয়ান বা ন্যারেটিভ দিয়ে পুনরায় প্রভাবিত করা অত্যন্ত কঠিন হবে। তিনি অভিযোগ করেন, দলটি এখনো দেশের পরিস্থিতি ও গণতন্ত্র নিয়ে নতুন ধরনের নেতিবাচক প্রচারণা চালানোর চেষ্টা করছে। মন্ত্রী বলেন, ১৭ বছর ধরে তারা দেশকে যে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল, সেখান থেকে উত্তরণে বর্তমান সরকারকে সময় নিতে হচ্ছে। তথ্যমন্ত্রী বলেন, ১৫ থেকে ৩৫ বছরের যে জেনারেশন, সেটি প্রায় ৫ কোটি। এই ৫ কোটি মানুষকে আওয়ামী লীগের ন্যারেটিভ (বয়ান) দিয়ে ফেরত আসাটা অনেক বড় মুশকিল হবে। তারা সরাসরি আওয়ামী লীগের এই পতন বা আওয়ামী লীগের এই দেশ ছাড়ার মধ্যে, সরাসরি হোক বা ইনডাইরেক্টলি হোক তারা পার্টিসিপেট (অংশগ্রহণ) করেছে। ওই জিনিসটা সাইকোলজিক্যালি (মানসিকভাবে) এখনো মানুষের মাথায় আছে। পালিয়ে যাওয়ার কিছুদিন পর থেকেই আরম্ভ হচ্ছিল যে, এখানে হিন্দুদের ওপর অত্যাচার, ভারতীয় কিছু কিছু মোদি মিডিয়া সেগুলো সম্প্রচার করার চেষ্টা করছে।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি একান্তই সময়ের ওপর নির্ভর করছে; পরিস্থিতিই বলে দেবে তারা আদৌ ফিরবেন কি না। আন্দালিভ রহমান পার্থ আরও বলেন, আমার ধারণা, ২০২৪ সালে ঘটে যাওয়া হত্যা, ট্রমা ও অত্যাচারের ভয়াবহ স্মৃতি থেকে মানুষ এখনো পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। এসব বিষয় এড়িয়ে গিয়ে রাজনীতি করার কোনো পথ নেই। তারা যদি রাজনীতিতে আসতে চায়, তাহলে আরো কনস্ট্রাক্টিভ ওয়েতে (গঠনমূলক উপায়) চিন্তাভাবনা করতে হবে।

দেশের বর্তমান শান্তিপূর্ণ পরিবেশের কথা উল্লেখ করে তিনি জানান, সারা দেশে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব পালিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মানুষ তাদের ধর্মীয় আচার সম্পন্ন করতে পেরেছে। মন্ত্রী আবারও স্পষ্ট করেন যে, বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের জন্য বাংলাদেশে রাজনীতির সুযোগ সৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সবচেয়ে বড় কথা জুলাইকে স্বীকার করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালনের চিত্র তুলে ধরে পার্থ বলেন, সারা দেশে আনন্দ-উৎসবের মধ্যে হিন্দুরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করেছে।

শেয়ার করুন