৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে সার্থক বাদাম বিক্রেতা রাজুর জীবন

প্রকাশ:

খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনে যাওয়ার সময় সড়কের দুই পাশে অপেক্ষমাণ নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী অনেকের সঙ্গে হাত মেলান এবং বেশ কয়েকজনের মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন। স্থানীয় বাদাম বিক্রেতা রাজুও সরকারপ্রধানের সঙ্গে হাত মেলানোর সুযোগ পান। এমন বিরল অভিজ্ঞতায় উচ্ছ্বসিত রাজু বলেন, ‘আমি বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি ও হাত মিলিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার জীবন সার্থক। এর চেয়ে বেশি আমার আর কী লাগে!’ এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি তার সন্তুষ্টির কথা জানান। নেতা কর্মীরা তাকে বিভিন্ন স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান।

নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি বানৌজা মোংলা জেটিতে পৌঁছান। সফরের অংশ হিসেবে বিকালে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করেন তিনি। এরপর প্রধানমন্ত্রী প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকাটিও ঘুরে দেখেন। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন