চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রকাশ:

যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বর্তমান সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন যে, একটি উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের একটি অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এই অঙ্গীকার ব্যক্ত করেন। পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, জাতিসংঘের আহ্বানে ২০১৫ সাল থেকে বিশ্বব্যাপী পালিত এই দিবসটি বাংলাদেশেও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তরুণদের উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের যে সুদূরপ্রসারী ভিত্তি স্থাপন করেছিলেন, বর্তমান সরকার সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী ও আধুনিক রূপ দিচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের সম্প্রসারণ এবং মানবসম্পদের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

দেশের সবচেয়ে বড় সম্পদ যুবসমাজ উল্লেখ করে তিনি বলেন, তাদের উদ্ভাবনী ক্ষমতা ও পেশাগত দক্ষতা বিকশিত করতে পারলে শিল্পায়ন, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুততর হবে। বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের মতো প্রযুক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা মোকাবিলায় সরকার দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে শিল্পমুখী ও আন্তর্জাতিক মানের করার কাজ করছে।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, দক্ষতা উন্নয়ন, অভিন্ন সনদায়ন ব্যবস্থা, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা এবং জাতীয় ও আন্তর্জাতিক দক্ষতা প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। সরকারি, বেসরকারি ও শিল্পখাতের সমন্বয়ে একটি আধুনিক দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম গড়ে তোলার কার্যক্রমও চলমান রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ দক্ষতা উন্নয়ন সচেতনতা বৃদ্ধি ও অধিক সংখ্যক দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রাকে আরও বেগবান করবে।

শেয়ার করুন