সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তরা রাজধানীর শাহবাগে তাদের চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। সরকারের পক্ষ থেকে আগামী ৪ অক্টোবর যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
রোববার শাহবাগ থানার সামনের সড়কে কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আন্দোলনকারীরা সরে যাওয়ার ঘোষণা দেন। বেলা ২টার দিকে তারা সরকারকে ধন্যবাদ জানিয়ে রাস্তা পরিষ্কার করে শাহবাগ এলাকা ত্যাগ করেন।
এর আগে, আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এই আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড থাকায় শাহবাগ থেকে টিএসসি অভিমুখের ডান পাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয়।
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৪: ৫৯আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৫: ০১





