আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ, শুক্রবার শপথ গ্রহণ

প্রকাশ:

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় আগামী বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। তিনি আরও জানান, আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে।

নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে চিফ হুইপ বলেন, নির্বাচন কমিশন ও সংসদ উভয়ের যৌথ সিদ্ধান্তে নির্বাচন শুরুর ৫ মিনিট আগে ভোটের লাইভ টেলিকাস্ট শুরু হবে। রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলামের ভোট প্রদান সরাসরি সম্প্রচার করা হবে। এরপর ভোটগ্রহণ প্রক্রিয়া রেকর্ড করা হবে এবং নির্বাচন শেষ হওয়ার পাঁচ মিনিট আগে পুনরায় সরাসরি সম্প্রচার শুরু হবে। সবশেষে ফলাফল ঘোষণাও সরাসরি দেখানো হবে। তিনি একে ইতিহাসের মাহেন্দ্রক্ষণ এবং গণতন্ত্রের নতুন যাত্রার সূচনা হিসেবে অভিহিত করেন।

সংসদীয় দলের সভায় বিএনপির দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সরকার ও বিরোধী দল ইনক্লুসিভ হয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও অগ্রগতি অব্যাহত রাখতে চায়। তিনি আরও উল্লেখ করেন, দেশের মানুষ আবারো প্রত্যক্ষ করবে কীভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অপর প্রার্থী হলেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোট মনোনীত কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমেদ। এর আগে ১৯৯১ সালের ৮ অক্টোবর সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করেছিলেন।

বুধবার বিকেল ৪টা থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে হুইপ রুহুল কুদ্দস তালুকদার দুলু, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জি কে গউছ, সংসদ সদস্য আমিরুল ইসলাম আলিম, খন্দকার আবু আশফাক এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে আয়োজন করা হবে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ ভবনে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শেয়ার করুন