মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন তিনি। সরকার তার এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এরই মধ্যে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছে। রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ২(ক) ধারার ক্ষমতাবলে তাকে ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালে ভিভিআইপি মর্যাদা দেওয়ার কথা জানানো হয়। এস. আর. ও. নং ৪১৯-আইন/২০২৬ সম্বলিত এই প্রজ্ঞাপনটি সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এটি নতুন সরকার গঠনের পর কোনো বিদেশি সরকারপ্রধানের প্রথম দ্বিপক্ষীয় সফর হতে যাচ্ছে।
কূটনৈতিক সূত্র অনুযায়ী, ৭ ডিসেম্বর সন্ধ্যায় আনোয়ার ইব্রাহিম ঢাকা পৌঁছাবেন। পরদিন ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি ব্যাংককের উদ্দেশে যাত্রা করবেন। ফলে ঢাকায় তার অবস্থানের সময়কাল প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্যমতে, বৈঠকে দুই দেশের সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। বিশেষ করে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ, জনশক্তির অধিকার ও কল্যাণ, বাণিজ্য, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা এবং সেমিকন্ডাক্টর শিল্পের মতো খাতগুলো আলোচনার মূল এজেন্ডায় থাকবে।
এর আগে চলতি বছরের ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেছিলেন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত সেই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতার বিষয়ে দুই নেতা একমত হয়েছিলেন। আনোয়ার ইব্রাহিমের এবারের সফর জুনে নেয়া সেই সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনার একটি বড় সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি দুই দেশের মধ্যে ঝুলে থাকা যৌথ কমিশন ও পরামর্শ সভার বিষয়টিও গুরুত্ব পেতে পারে। উল্লেখ্য, আনোয়ার ইব্রাহিম এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফর করেছিলেন এবং সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন। এবারের সফরটি দুই দেশের শীর্ষ পর্যায়ের সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কূটনৈতিকরা। এ ছাড়া হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও প্রযুক্তি খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। দুই নেতা উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত সংলাপের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন।





