প্রকৌশল শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস অ্যান্ড ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্টস’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) এবং স্কুল অব ইঞ্জিনিয়ারিং যৌথভাবে এই আয়োজনের উদ্যোগ নেয়।
কর্মশালায় প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক ড. এ বি এম আলিম আল ইসলাম। তিনি শিক্ষার্থীদের সামনে জটিল প্রকৌশল সমস্যা শনাক্তকরণ, শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মানসম্মত ফাইনাল ইয়ার প্রজেক্ট তৈরি এবং আধুনিক নকশা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া তিনি ওয়াশিংটন অ্যাকর্ড, বিএইটিই (BAETE) এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (BAC) গাইডলাইন অনুসরণ করে আউটকাম-বেইজড এডুকেশন (OBE) বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. শহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানসহ প্রায় অর্ধশত শিক্ষক অংশগ্রহণ করেন। এ সময় তারা প্রজেক্ট মূল্যায়নের বিভিন্ন চ্যালেঞ্জ ও এর সম্ভাব্য সমাধান নিয়ে নিজেদের মধ্যে মতামত বিনিময় করেন।





