এসএসসি পুনর্নিরীক্ষণ: নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী

প্রকাশ:

এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এই প্রক্রিয়ায় ১১টি শিক্ষা বোর্ডে নতুন করে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া, ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। পুনর্নিরীক্ষণের ফলে মোট ৫৬ হাজার ২৫৯ জনের প্রাপ্ত নম্বরে পরিবর্তন এসেছে এবং ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর জিপিএ বা গ্রেড পরিবর্তিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং সমন্বিত ওয়েবসাইট (rescrutiny.eduboardresults.gov.bd)-এ গিয়ে ফলাফল দেখতে পারছে। পাশাপাশি আবেদনকারী শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে পর্যায়ক্রমে ফলাফল পৌঁছে দেওয়া হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ড শীর্ষে রয়েছে, যেখানে ৯০৬ জন শিক্ষার্থী নতুন করে এই গ্রেড পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ময়মনসিংহ বোর্ডে ৭৭৭ জন, দিনাজপুর বোর্ডে ২৭৫ জন, কুমিল্লা বোর্ডে ২০৭ জন, যশোরে ১৮২ জন, সিলেটে ১২১ জন, বরিশালে ১১২ জন, চট্টগ্রামে ৮৩ জন এবং রাজশাহীতে ৭৭ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে ২৯৩ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে।

ফেল থেকে পাস করার সংখ্যার দিক থেকে ময়মনসিংহ বোর্ড সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবার উপরে রয়েছে, যেখানে ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী পাস করেছে। এছাড়া দিনাজপুর বোর্ডে ৮৬৭ জন, যশোর বোর্ডে ৩৮০ জন, ঢাকা বোর্ডে ৩৩৭ জন, কুমিল্লায় ৩৩৬ জন, চট্টগ্রামে ১৯০ জন, সিলেটে ১৮৬ জন, রাজশাহীতে ১১১ জন এবং বরিশালে ৭৯ জন ফেল থেকে পাস করেছে। মাদরাসা শিক্ষা বোর্ডে ২৫৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬৬৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল।

শেয়ার করুন