প্রকাশিত হচ্ছে এসএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল

প্রকাশ:

এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বুধবার (০৯ সেপ্টেম্বর) এ ঘোষণা দেন।

এবারের পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, আগে কেবল উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল আছে কি না তা যাচাই করা হতো। কিন্তু এবার আবেদন করা উত্তরপত্রগুলো প্রথমবারের মতো নতুন করে মূল্যায়ন করা হয়েছে।

চলতি বছর পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। গত ১১ আগস্ট শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া ১৭ আগস্ট রাত পর্যন্ত চলে। দেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী এই আবেদন করেছেন। একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ে আবেদনের সুযোগ থাকায় মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টিতে। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন জমা পড়েছে।

বোর্ডভিত্তিক তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এই বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী মোট ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি (লিখিত ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক ৫৮ হাজার ১২টি) উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।

অন্যান্য বোর্ডের মধ্যে কুমিল্লায় ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন জমা দিয়েছেন।

শেয়ার করুন