ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মোলায়েম হোসেন (৫০) নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজার সংলগ্ন কালিশংকরপুর নামক স্থানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোলায়েম হোসেন ভায়না ইউনিয়নের কালিশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় মোলায়েম হোসেন ভায়না বাজারে একটি স্কুলের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত মোলায়েম হোসেন নিজেও অতীতে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সন্ত্রাসী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





