যুক্তরাষ্ট্রে ভারতীয়দের লক্ষ্য করে বর্ণবাদী পোস্টার, তীব্র বিতর্ক

প্রকাশ:

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের উদ্দেশে ‘নিজেদের দেশে ফিরে যান, নতুবা পরিণতির জন্য তৈরি থাকুন’ এমন বার্তা দেওয়া একটি নতুন প্রচারণামূলক পোস্টার ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘ট্রান্সফর্মার্স’-এর শৈলী অনুসরণে তৈরি পোস্টারটিতে ‘মি. সিং’ নাম ব্যবহার করে ভারতীয় ও দক্ষিণ এশীয়দের সরাসরি নিশানা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পোস্টারটিতে লেখা হয়েছে, ‘আমাদের রাস্তা থেকে সরে যান। মি. সিং, আপনি কীভাবে গাড়ি চালাতে হয় তা জানেন না।’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী নীতির সময়ে এমন প্রচারণা সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্টে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই বিতর্কিত পোস্টারটির সমর্থনে বার্তা দিয়েছে। তারা জানিয়েছে, শত্রুভাবাপন্ন মনোভাব নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের প্রতিহত করা হবে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য একটি হেল্পলাইন নম্বরও বিজ্ঞাপনে প্রকাশ করা হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই উদ্যোগ মূলত তাদের ‘সিবিপি হোম’ কর্মসূচির প্রচারণার অংশ। এই কর্মসূচির আওতায় স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করতে ইচ্ছুক অবৈধ অভিবাসীদের দেশে ফেরার যাত্রা খরচের পাশাপাশি অতিরিক্ত ২ হাজার ৬০০ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন। সংগঠনটি পোস্টারটিকে অন্যায্য জাতিগত প্রোফাইলিং হিসেবে আখ্যায়িত করে এফবিআইয়ের কাছে তদন্ত দাবি করেছে। এছাড়া পোস্টারে ‘ট্রান্সফর্মার্স’ সিরিজের শৈলী ব্যবহারের বিষয়ে ফ্র্যাঞ্চাইজিটির পরিবেশক প্যারামাউন্ট পিকচার্সকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। ফক্স সেভেন নিউজের সংবাদ পাঠক অ্যালেক নোলা বিষয়টির নিন্দা জানিয়ে এটিকে সিং পদবিধারী মানুষের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন। নিজের দাদা ও প্রপিতামহের যুক্তরাষ্ট্রে কর্মজীবনের ঐতিহাসিক প্রসঙ্গ টেনে তিনি সরকারের এমন প্রচারণাকে বর্ণবাদী ও নিচু মানসিকতার পরিচয় বলে অভিহিত করেছেন।

শেয়ার করুন