বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি পদে সদ্য পদোন্নতি পাওয়া কর্মকর্তা মো. কামরুল আহসান। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগসহ পুলিশের ছয় শীর্ষ পদে রদবদলের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসবি প্রধানের দায়িত্বে থাকা সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ট্যুরিস্ট পুলিশের বর্তমান প্রধান মাইনুল হাসানকে সারদার প্রিন্সিপাল হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে।
প্রশাসনিক এই রদবদলের আওতায় খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।





