জুলাই যোদ্ধাসহ ৩ জনকে রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

জুলাই গণ-অভ্যুত্থানের দুই যোদ্ধাসহ মোট তিন ব্যক্তিকে আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহের সুযোগ করে দিতে উপহার হিসেবে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি নিজ হাতে এসব উপহার তুলে দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন।

উপহারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ আজিজ শেখ, যিনি মিরপুর বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনে অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন এবং তার শরীরে ৩৬টি স্প্লিন্টার বিদ্ধ হয়েছিল। সিএনজি চালিয়ে নিজের পড়াশোনা ও পরিবারের খরচ বহন করা আজিজকে একটি সিএনজিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। উপহার হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার বিষয়ে উৎসাহ দেন।

কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো: গফফারকে দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দেওয়া হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় তিনি রাজধানীর মহাখালী এলাকায় আন্দোলনকারীদের পানি সরবরাহ করেছেন এবং নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন। গফফার জানিয়েছেন, একটি রিকশা তিনি নিজে চালিয়ে জীবিকা নির্বাহ করবেন এবং অন্যটি ভাড়া দেবেন।

এছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেওয়া হয়েছে। কর্মসংস্থানের অভাবে তিনি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিলেন। প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার দেওয়া বাহনগুলো পরিচালনার নিয়মাবলি প্রত্যক্ষ করেন এবং তাদের নিরাপদ যাতায়াতের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উপহার দেওয়ার সময় প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা, পরিবার ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপি দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন