প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি চলছে, তারিখ নিয়ে আলোচনা অব্যাহত

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে দিল্লি নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণের বিষয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। ভারত এ মাসের তৃতীয় সপ্তাহে দুই দিনের একটি সফর আয়োজনের সম্ভাব্য তারিখ প্রস্তাব করলেও, বাংলাদেশ ওই তারিখের পরিবর্তে কাছাকাছি সময়ের অন্য কোনো সূচি নিয়ে ভাবছে। আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যে সফরটি আয়োজনের লক্ষ্যে উভয় দেশই এখন তারিখের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ এবার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ‘সহায়ক পরিবেশ’ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং সংবেদনশীল ইস্যুগুলো সমাধানের তাগিদ দিচ্ছে। অন্যদিকে, ভারত সব ধরনের সহযোগিতামূলক আলোচনায় মনোযোগী রয়েছে। প্রাথমিকভাবে ভারতের পক্ষ থেকে ২০ ও ২১ আগস্ট সফরের প্রস্তাব দেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্চপর্যায়ের নির্দেশে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছেন। তবে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন ও পরবর্তী শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ২২ ও ২৩ আগস্ট সফরের কথা ভাবছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা শেষে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার ঢাকায় ফিরেছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্পর্কের বিষয়ে বাংলাদেশের বার্তা ও কাজের নির্দেশনা নিয়ে এসেছেন। তবে শনিবার পর্যন্ত সরকারি কোনো প্রতিনিধির সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি।

আসন্ন এই সফরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি বিশেষ গুরুত্ব পেতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে। এছাড়া শেখ হাসিনার ভারতে অবস্থানকালীন রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্য বন্ধের বিষয়েও বাংলাদেশ জোরালো নিশ্চয়তা চাইবে। রাজনৈতিক বিষয়ের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, ট্রানজিট, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং অভিন্ন নদীর পানিবণ্টন—বিশেষ করে ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন—সফরের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

শেয়ার করুন