১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আখতারুজ্জামানকে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে জামায়াতের নিন্দা

প্রকাশ:

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দলটি। শুক্রবার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ১ অক্টোবর ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর অন্যান্য যাত্রীদের মতোই নানা ধরনের হয়রানির শিকার হন তিনি। এর প্রতিবাদ জানানোয় তাকে হেনস্তার মুখে পড়তে হয়। আক্তারুজ্জামান গতকাল ১ অক্টোবর পবিত্র ওমরা পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন। বিমানবন্দরের ইমিগ্রেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ রয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, হযরত শাহজালাল বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার অভিযোগ দীর্ঘদিনের। যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় বসিয়ে রাখা, লাগেজ থেকে মূল্যবান সামগ্রী চুরি এবং নারী ও বয়স্ক যাত্রীদের ভোগান্তির মতো ঘটনা সেখানে নিত্যনৈমিত্তিক ব্যাপার। এই হয়রানি ও অসদাচরণের অভিযোগে এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল এবং পুলিশ সিসিটিভি ফুটেজ ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করার কথা জানিয়েছিল।

তিনি অভিযোগ করেন, যথাযথ তদন্তের পূর্বেই গভীর রাতে উদ্দেশ্যমূলকভাবে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, বর্তমান ইমিগ্রেশন ব্যবস্থায় যাত্রীদের সাথে যে অসম্মানজনক আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে অবিলম্বে এই বীর মুক্তিযোদ্ধার মুক্তি দাবি করার পাশাপাশি বিমানবন্দর কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। মিয়া গোলাম পরওয়ার বলেন, মেজর (অব.) আখতারুজ্জামানসহ যারা নিয়মিত এমন ভোগান্তির শিকার হচ্ছেন, তাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। যাত্রী সেবার মান উন্নয়ন এবং হয়রানির সাথে জড়িত দায়ীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।

শেয়ার করুন