১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: ভারতীয় হাইকমিশনার

প্রকাশ:

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনই কোনো ধরনের তাড়াহুড়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাইকমিশনার জানান, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জন্য দেওয়া আমন্ত্রণ এখনো বহাল রয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রী যখন নিজেদের সুবিধাজনক সময় নির্ধারণ করবেন, তখনই এই সফর অনুষ্ঠিত হবে।

নভেম্বরে সফরের কোনো তারিখ চূড়ান্ত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে আগের আলোচনার প্রেক্ষিতে পুনরায় নিশ্চিত করছি যে, আমন্ত্রণটি এখনো খোলা রয়েছে। এ বিষয়ে কোনো তাড়াহুড়া নেই এবং যথাযথ সময়ের জন্য অপেক্ষা করা প্রয়োজন। বর্তমান পরিস্থিতি অত্যন্ত ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, আমি নিজে, প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের সাধারণ মানুষ—সবাই ইতিবাচক অবস্থানে আছি। দুই দেশেরই নিজস্ব রাজনৈতিক বাস্তবতা রয়েছে এবং সব কিছুই একটি চলমান প্রক্রিয়ার অংশ। সব কিছু সঠিক সময়েই সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাতের বিষয়টি ছিল একান্তই সৌজন্যমূলক। হাইকমিশনার বলেন, হুমায়ুন কবির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ভবিষ্যতেও থাকবেন। ব্যক্তিগতভাবে তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছে এবং তাকে তিনি সৎ, স্পষ্টভাষী ও খোলামেলা মানুষ হিসেবে গণ্য করেন। বৈঠকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা কূটনৈতিক বিষয়ে আলোচনা হয়নি; মূলত ভারতের পক্ষ থেকে অভিনন্দন জানাতেই তিনি সেখানে গিয়েছিলেন। একইসঙ্গে তিনি প্রতিমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীকেও শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সব মিলিয়ে এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ এবং প্রতিমন্ত্রীর নতুন দায়িত্বের জন্য তিনি শুভকামনা জানিয়েছেন।

শেয়ার করুন