শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ অবস্থান থেকে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশ:

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭১ ও ২০২৪ সালে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের মূল লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং এমন একটি দেশ গড়ে তোলা যেখানে মৌলিক চাহিদা পূরণ হবে ও মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।

সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

শহীদদের আত্মত্যাগের ঋণ শোধ করা অসম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা মহৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জীবন দিয়েছেন, তাদের মর্যাদা নিশ্চিত করতে শুধু স্মরণ করাই যথেষ্ট নয়। বেঁচে থাকা প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। তিনি বাংলাদেশ স্কাউটসের সদস্যদের উদ্দেশে বলেন, মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে এবং অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের শহীদ পরিবারের ১০ সদস্যকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। প্রধানমন্ত্রী নিজ হাতে শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক ও সম্মাননা পদক তুলে দেন। এসময় বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় শিক্ষাক্রমে তা অন্তর্ভুক্ত করার দাবি জানান। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন