পাবনায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ১১

প্রকাশ:

পাবনা শহরের লস্করপুর রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রবে নারী ও শিশুসহ অন্তত ১১ জন পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা থেকে বুধবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত চলা এই ধারাবাহিক হামলায় এলাকাটিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কুকুরের কামড়ে আহত ১১ জনকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি র‌্যাবিস প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। বর্তমানে সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। বাকি চারজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান জানান, হাসপাতালে প্রয়োজনীয় ভ্যাকসিনের পর্যাপ্ত মজুত রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে লস্করপুর এলাকায় কুকুরের সংখ্যা বৃদ্ধি পেলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। স্থানীয় বাসিন্দা জুঁই আক্তার জানান, মঙ্গলবার সন্ধ্যায় আতঙ্কজনক পরিস্থিতিতে চোখের সামনেই ১৫-২০ জনকে কুকুর কামড়াতে দেখেছেন। এমনকি একটি শিশুর চোখ উপড়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে। স্থানীয়দের দাবি, বারবার অভিযোগ করার পরও থানা-পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। এদিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তার জানা ছিল না এবং তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দ্রুত স্পটে গিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, যিনি ঘটনার সত্যতা স্বীকার করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন