মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আজ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৬ ডলার ছাড়িয়ে গেছে, যা ৮ জুনের পর সর্বোচ্চ। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ৮৮ ডলার অতিক্রম করেছে। আজ ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৯৩ ডলার বা ২ দশমিক শূন্য ৫ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৪১ ডলার বা ১ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। এর আগে গতকাল তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।
লোহিত সাগরে তেলবাহী ট্যাংকারে নতুন হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা জোরালো হয়েছে। বাজার পরিস্থিতি এখন মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র টানা ১২তম রাতে ইরানে হামলা চালানোর পর উত্তেজনা তুঙ্গে। এই হামলার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, হরমুজ প্রণালিতে ইরান কোনো জাহাজে হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করবে। তাঁর এই মন্তব্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালির দক্ষিণে মাইন পাতা আছে—এমন পথ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। তাদের ভাষ্যমতে, ঘটনার পর আরও দুটি ট্যাংকার যাত্রাপথ থেকে ফিরে গেছে। আইআরজিসি আরও দাবি করেছে, এ অঞ্চলে মার্কিন সামরিক অভিযান চলাকালে হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি এখন পুরোপুরি বন্ধ। তাদের সমন্বয় ছাড়া কোনো ট্যাংকার প্রণালিতে প্রবেশ বা বের হতে পারবে না বলেও তারা সতর্ক করেছে।
অন্যদিকে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে অভিযান জোরদার করায় সরবরাহ-সংকটের ঝুঁকি বেড়েছে। হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে এবং বাব আল-মানদেব প্রণালি দিয়ে সৌদি তেলবাহী জাহাজে হামলার হুমকি দিয়েছে। তাদের দাবি অনুযায়ী, সামরিক অভিযানে তারা সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা করেছে। সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সৌদি পতাকাবাহী ট্যাংকার এনসেলিয়া লোহিত সাগরে হামলার শিকার হয়েছে। হুতিদের দাবি, সৌদি বন্দরের দিকে না যাওয়ার সতর্কবার্তা পাওয়ার পর প্রায় ১০টি জাহাজ ফিরে গেছে, যদিও রয়টার্স এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
হরমুজ ও বাব আল-মানদেব—বিশ্বের এই গুরুত্বপূর্ণ দুটি নৌপথ দিয়ে তেল পরিবহন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আইআরজিসির এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শিপিং কোম্পানিগুলোকে হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে মাইন থাকার বিষয়ে সতর্ক করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অকার্যকর ঘোষণার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত। বর্তমানে তেলের দাম ১০০ ডলারের নিচেই থাকলেও, প্রায় দুই সপ্তাহ ধরে সংঘাত অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এর আগে তেলের দাম সর্বোচ্চ ১২৬ ডলারে উঠেছিল, যা বর্তমান দামের চেয়ে ৩০ ডলার বেশি।





