৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা পতন

প্রকাশ:

বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা ভাটা পড়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টা ৯ মিনিটের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৫ শতাংশ কমে ৪ হাজার ১২০ দশমিক ৪৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার মূল্য ০.৫ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে।

অ্যাকটিভট্রেডসের প্রধান নির্বাহী কর্মকর্তা রিকার্ডো ইভানজেলিস্তা জানান, উচ্চ জ্বালানি মূল্যের কারণে মূল্যস্ফীতির স্থায়ী চাপ বাজারে বিরাজ করছে, যা ফেডারেল রিজার্ভকে আরও কঠোর মুদ্রানীতি গ্রহণের দিকে ঠেলে দিচ্ছে। তার মতে, অক্টোবরে ফেড সুদের হার অপরিবর্তিত রাখার সম্ভাবনা থাকলেও ডিসেম্বরের নীতিনির্ধারণী সিদ্ধান্তের দিকে সবার নজর থাকবে। ফেডের কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্যে দ্রুত সুদের হার বাড়ানোর তাড়াহুড়ো না থাকায় ২৭ ও ২৮ অক্টোবরের বৈঠকে বড় পরিবর্তনের সম্ভাবনা কম দেখা যাচ্ছে। তবে সিএমইর ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, ডিসেম্বরে সুদের হার বাড়ানোর ৯০ শতাংশ সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। সাধারণত সুদ বাড়লে স্বর্ণের বিনিয়োগ আকর্ষণ কমে যায়, কারণ বিনিয়োগকারীরা তখন সুদ পাওয়া যায় এমন সম্পদের দিকে ঝুঁকে পড়েন।

এদিকে ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাজুও উয়েদা জানিয়েছেন, দেশটিতে অন্তর্নিহিত মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যমাত্রার খুব কাছাকাছি পৌঁছেছে, যা ভবিষ্যতে জাপানে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেয়।

মঙ্গলবার অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ১৯৩১ ডলারে পৌঁছেছে। তবে প্লাটিনামের দাম ০.১ শতাংশ কমে ১ হাজার ৬৩৯ দশমিক ৪৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ কমে ১ হাজার ১১০ দশমিক ০৬ ডলারে নেমে এসেছে।

শেয়ার করুন