নেত্রকোনার মদন উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে বটির কোপে এলাহি মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইয়াসিন মিয়াকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে ইয়াসিন ঠিকমতো খাবার গ্রহণ করছিলেন না। ঘটনার দিন ভোরে ফজরের নামাজ শেষে এলাহি মিয়া রান্নাঘরে চা তৈরি করতে যান। এ সময় ইয়াসিনও সেখানে উপস্থিত ছিলেন। বাবা এলাহি মিয়া ছেলেকে সকালের নাশতা হিসেবে কলা বা অন্য কিছু খাওয়ার পরামর্শ দেন। হঠাৎ করেই ইয়াসিন একটি ধারালো বটি দিয়ে বাবার ঘাড়ে কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে এলাহি মিয়া ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এলাহি মিয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ইয়াসিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দীন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযুক্ত ইয়াসিনকে আটক করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিহত এলাহি মিয়া মদন পৌর শহরের আশকিপাড়া এলাকার মৃত কুন্ডু মিয়ার ছেলে।





