শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস, বিভিন্ন এলাকায় বন্যার সতর্কতা

প্রকাশ:

মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং নতুন বৃষ্টি বলয়ের প্রভাবে সারাদেশে আবারও বৃষ্টিপাত বেড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। সংস্থাটি জানিয়েছে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির মাত্রা তুলনামূলক বেশি হতে পারে এবং এসব অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

এরই মধ্যে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী দুই দিনে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং সংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে অথবা সতর্কসীমায় প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সোমেশ্বরী, কংস ও ভুগাই নদীর পানি বেড়ে নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করা হচ্ছে।

গত কয়েক দিনের বিরতির পর সোমবার থেকে সারাদেশে আবার বৃষ্টি শুরু হয়েছে। ধারাবাহিকভাবে মঙ্গলবার ভোরে রাজধানীতে ঝুম বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সোমবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নোয়াখালীর মাইজদীকোর্টে ৮০ মিলিমিটার। এছাড়া নওগাঁর বদলগাছী ও নীলফামারীর ডিমলায় ৭৯ মিলিমিটার, নেত্রকোনায় ৬২ মিলিমিটার, কক্সবাজারের কুতুবদিয়ায় ৬১ মিলিমিটার, কক্সবাজারে ৫৪ মিলিমিটার, বান্দরবানে ৫০ মিলিমিটার, ফেনীতে ৪৭ মিলিমিটার এবং ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাবে নেত্রকোনায় সর্বোচ্চ ৮৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এরপর চাঁদপুরে ৭৬ মিলিমিটার এবং ময়মনসিংহে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, শনিবার পর্যন্ত এই বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আরও জানান, বুধবার থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরম থেকে তাৎক্ষণিক স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম।

শেয়ার করুন