১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: আহত এক

প্রকাশ:

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সৌদির আকাশ প্রতিরক্ষা বাহিনী এ সময় হুতিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি প্রজেক্টাইল আকাশেই ধ্বংস করার দাবি করেছে। শুক্রবার আসিরের আহাদ রাফিদাহ গভর্নরেটের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্তের পরপরই তা প্রতিহত করা হয়। এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে পড়লে এক এশীয় প্রবাসী নাগরিক আহত হন। এছাড়া এই ঘটনায় একটি ভবনের ভেতরে থাকা নামাজের কক্ষ এবং বেশ কয়েকটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স জানিয়েছে। স্থানীয় সিভিল ডিফেন্সের দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

একই দিনে সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানান, হুতি মিলিশিয়া আসিরের খামিস মুশাইত এলাকা লক্ষ্য করে আরও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই তিনটি ক্ষেপণাস্ত্রও শনাক্ত করে আকাশেই নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। একই সময়ে হুতিদের ছোড়া আরেকটি শত্রু প্রজেক্টাইল নাজরানের একটি স্কুলে আঘাত হানলে স্কুলটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ক্রমাগত এই ধরনের হামলার মাধ্যমে বেসামরিক স্থাপনা ও নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনায় সৌদি কর্তৃপক্ষ কঠোর সতর্ক অবস্থান নিয়েছে।

শেয়ার করুন