কক্সবাজারে প্রমোদতরি ডুবি, নিউজিল্যান্ডের কিশোর আলবার্ট এখনো নিখোঁজ

প্রকাশ:

বিশ্বভ্রমণের স্বপ্ন নিয়ে সমুদ্রযাত্রায় নামা নিউজিল্যান্ডের একটি পরিবারের প্রমোদতরি 'আইল্যান্ড গার্ল' কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার সকালে সাগরে প্রবেশের পর প্রবল ঢেউ ও স্রোতের তোড়ে বোটটি দুই টুকরো হয়ে যায়। এ ঘটনায় পরিবারের চার সদস্য সাগরে ছিটকে পড়লে তিনজনকে স্থানীয় জেলে ও বাসিন্দারা জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে মঙ্গলবার সকালের এই দুর্ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে বুধবার বিকাল পর্যন্ত ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের কোনো সন্ধান মেলেনি।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন ৭৪ বছর বয়সী জন এডওয়ার্ড পুদনে, তার ৩৬ বছর বয়সী স্ত্রী বেলা এবং ১৩ বছর বয়সী ছেলে রালফ। উদ্ধার হওয়ার পর রালফ জানায়, ঢেউয়ের আঘাতের সময় তার মা ত্রিপলের ছাউনির নিচে আলবার্টকে লাইফ জ্যাকেট পরানোর চেষ্টা করছিলেন। সে সময় লাইফ জ্যাকেটের ক্লিপ ঠিকমতো আটকানো ছিল না বলে ধারণা করা হচ্ছে এবং কিশোরটি সাঁতারও জানত না।

প্রায় দুই বছর ধরে কক্সবাজার শহরের এসএম পাড়ায় এক কোটি টাকার বেশি ব্যয়ে তৈরি করা হয়েছিল এই প্রমোদতরি। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, রান্নাঘর ও ফ্রিজসহ দীর্ঘ ভ্রমণের উপযোগী করে তৈরি বোটটিতে পরিবারটি প্রায় আড়াই বছর ধরে দেশের বিভিন্ন নদী ও উপকূলীয় এলাকায় চলাচল করছিল। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তারা চট্টগ্রাম অভিমুখে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হয়। এর আগে বোটটি বাঁকখালী নদীর নুনিয়ারছড়ায় বিআইডব্লিউটিএ জেটির বিপরীতে নোঙর করা ছিল।

বর্তমানে বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী এবং স্থানীয় জেলেরা নিখোঁজ আলবার্টকে উদ্ধারে সাগরে তল্লাশি অব্যাহত রেখেছেন। স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, উদ্ধার হওয়া তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডুবুরি দলের সীমাবদ্ধতার কারণে শুরুতে উদ্ধার কাজ ব্যাহত হলেও বর্তমানে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সহায়তায় অভিযান চলছে। ক্ষতিগ্রস্ত বোটটির ভাঙা অংশ স্থানীয় নৌকার সহায়তায় তীরে নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন