ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে ‘ডন অব ইয়েমেন’ নামে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। সরকারের দাবি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই অভিযানের আওতায় হুথিদের লক্ষ্য করে দুই হাজার ৭৫০টিরও বেশি সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। ইরান-সমর্থিত হুথি বাহিনীর ১ হাজার ৪০০ জনের বেশি যোদ্ধা এসব হামলায় হতাহত হয়েছেন বলে জানানো হয়েছে।
ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা-তে দেওয়া এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের অংশ হিসেবে হুথিদের নিয়ন্ত্রণে থাকা ভূখণ্ডের গভীরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি স্থলবাহিনী হুথিদের শক্তিশালী প্রতিরক্ষাব্যূহ ভেঙে বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা পুনর্দখল করতে সক্ষম হয়েছে।
গত রোববার আনুষ্ঠানিকভাবে এই অভিযানের সূচনা হয়। কর্নেল মাজিদ আল-নুজাইলি জানিয়েছেন, বর্তমানে অর্জিত সামরিক সাফল্যগুলো ধরে রাখতে এবং নির্ধারিত কৌশল অনুযায়ী অভিযান অব্যাহত রাখা হয়েছে। তবে হুথি যোদ্ধাদের হতাহত হওয়ার এই সরকারি দাবির সত্যতা স্বাধীন কোনো উৎস থেকে এখনো যাচাই করা সম্ভব হয়নি।





