নেপালের দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান মনীষা কৈরালার

প্রকাশ:

নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা। কাঠমান্ডুতে অনুষ্ঠিত এনডিটিভি ওয়ার্ল্ড অন্বীক্ষা সামিটে অংশ নিয়ে এনডিটিভির আদিত্য রাজ কৌলের সঙ্গে আলাপকালে তিনি প্রকৃতির এই বিধ্বংসী রূপ দেখে নিজের যন্ত্রণার কথা তুলে ধরেন। মনীষা বলেন, তিনি জীবনে প্রকৃতির এমন ভয়ংকর রূপ খুব কমই দেখেছেন এবং এত বিপুল মানুষের দুর্ভোগ দেখা সত্যিই হৃদয়বিদারক।

দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মনীষা বলেন, সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষের বিপদে একে অপরের পাশে দাঁড়ানো উচিত। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করার পাশাপাশি সবাইকে সাহায্য নিয়ে এগিয়ে আসার অনুরোধ জানান। এই দুর্যোগের ভয়াবহতা তাকে নেপালের সেই পুরনো ভয়াবহ ভূমিকম্পের স্মৃতির কথা মনে করিয়ে দিয়েছে, যা সবকিছু তছনছ করে দিয়েছিল।

নেপালের সাথে নিজের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে অভিনেত্রী জানান, তিনি এই দেশেই জন্মগ্রহণ করেছেন এবং তাঁর দাদা বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। দেশের এই চরম বিপর্যয়ে তিনি স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

উল্লেখ্য, নেপালের পুলিশ ও পর্যটন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ২৭০ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এছাড়া নেপাল ও তিব্বত সীমান্ত এলাকায় প্রায় ১৫০০ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ৮০০ জনেরও বেশি বিদেশি পর্যটক।

শেয়ার করুন