নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার খুরশিমুল গ্রামে ফের মাছ চাষির পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ মারা গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী বিমল চন্দ্র সরকার (৫৩)। দীর্ঘদিন ধরে বসতবাড়ির পাশের পুকুরে মাছ চাষ করে সংসার চালাচ্ছিলেন তিনি। বুধবার মোহনগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে তিনি জানান, পূর্বপরিকল্পিতভাবে রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা তার পুকুরে বিষ মিশিয়ে দেয়। সকালে পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে দেখেন তিনি।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষির ভাষ্যমতে, এ নিয়ে তৃতীয় দফায় তার পুকুরে বিষ প্রয়োগ করা হলো। এর আগে গত ২৬ আগস্ট ৩ লাখ টাকার এবং ২৪ সেপ্টেম্বর ৫০ হাজার টাকার মাছ একই কায়দায় নিধন করা হয়েছিল। বারবার এমন ক্ষতির সম্মুখীন হয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। স্থানীয়দের মতে, এলাকায় পুকুর বা বিলে বিষ দিয়ে মাছ মারার প্রবণতা অনেকটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে মাছ চাষিরা সব সময় আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং অপরাধীদের ধরতে কঠোর প্রশাসনিক অভিযানের দাবি জানিয়েছেন তারা।
ঘটনার বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানিয়েছেন, তারা লিখিত অভিযোগ হাতে পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





