মানিকগঞ্জে শহীদ মিনারে মিলল কিশোরের ঝুলন্ত মরদেহ

প্রকাশ:

মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী সেতুসংলগ্ন মাঠের শহীদ মিনার থেকে সিহাব (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন শহীদ মিনারে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত সিহাব সদর উপজেলার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করত। পরিবারের সঙ্গে না থেকে আকরাম নামের এক ব্যক্তির বাড়িতে নানার সঙ্গে থাকত সে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে সিহাবের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। সিহাবের কর্মস্থলের মালিক মনির হোসেন জানান, শনিবার সিহাব ছুটি নিয়েছিল এবং সেদিন সে কর্মস্থলেও যায়নি। স্থানীয় কয়েকজন জানান, কয়েক দিন ধরে সিহাব বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে রাত কাটাচ্ছিল। তার মৃত্যুর ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধুদের বিষয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।

তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখছে পুলিশ। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন