বাংলাদেশসহ মোট ৩১টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ছাড়াও আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের পর্যটকরা একাধিকবার প্রবেশের ভিসা সুবিধা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। এর পর থেকে সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। নতুন এই ব্যবস্থার ফলে বাংলাদেশি পর্যটকদের জন্য সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রযোজ্য হবে। ইমিগ্রেশন বিভাগ এরই মধ্যে যেসব দেশের জন্য এই সুবিধা বাতিল করে সিঙ্গেল এন্ট্রি ব্যবস্থা করা হয়েছে, তাদের তালিকা প্রকাশ করেছে।
তবে ভ্রমণকারী সবাই এই বিধিনিষেধের আওতায় পড়ছেন না। নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যের ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বহাল থাকবে। এর মধ্যে রয়েছে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম।
ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট করেছে যে, এই নতুন ঘোষণা শুধুমাত্র ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে কার্যকর হবে। মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট বা কর্মসংক্রান্ত ভিসার সঙ্গে এই সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।





