মাগুরায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে শহরের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি বাস্তবায়িত হয়।
সকাল ৯টায় শহরের ঢাকা রোড এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই অভ্যুত্থানের ওপর কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি, শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় জেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।





