ইউরো কাপের সেমিফাইনালে আজ ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের একটি বিতর্কিত মন্তব্য ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেদের লক্ষ্য করে রাজয় বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ফ্রান্স খুব ভালো খেলছে ঠিকই, কিন্তু তাদের দলে কতজন ফরাসি ফুটবলার আছেন তা খেলোয়াড়দের গায়ের রং দেখলেই বোঝা যায়।
দেশের সাবেক প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তিনি বলেন, ফুটবল এমন একটি খেলা যা সবাইকে এক জায়গায় নিয়ে আসে এবং সব সংস্কৃতিকে আপন করে নেয়। এখানে ধর্ম, বর্ণ বা গায়ের রঙের কোনো গুরুত্ব নেই; আসল হলো ফুটবল। ইয়ামাল নিজে মরক্কো ও গিনি বংশোদ্ভূত হওয়ায় বর্ণবিদ্বেষের প্রভাব সম্পর্কে সচেতন।
ইয়ামাল আরও বলেন, ফুটবল যে সবাইকে কাছে টানতে পারে, স্পেন ও ফ্রান্স তার বড় উদাহরণ। ফুটবলে একতাই মূল শক্তি, তাই কে কী বলল তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা একটি বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলতে নামছি। মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে ফিফার কঠোর অবস্থানের মতোই ইয়ামালও ফুটবলে বর্ণবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন।



