৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে গাঁজা, কষ্টিপাথর ও মদসহ গ্রেপ্তার ১১

প্রকাশ:

জামালপুরের বিভিন্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) টানা ২৪ ঘণ্টার অভিযানে মাদক ও কষ্টিপাথরসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা থেকে এসব উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথর সদৃশ বস্তু এবং সাত বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। তাদের দুজনের বাড়িই ইসলামপুর উপজেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার সভাচর এলাকায় রফিকুলের মনোহারি দোকানের সামনে থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. বাহাদুর আকন্দ (৪৬) ও মো. এশরাদ আলীকে (৩৯) গ্রেপ্তার করা হয়। এদিকে বকশীগঞ্জ উপজেলার নতুন বাট্টাজোড় বাজার এলাকা থেকে সাত বোতল ভারতীয় মদসহ হারান বণিক (৫৫) নামের একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি বকশীগঞ্জ পৌরসভার সীমারপাড়া এলাকায়।

সবচেয়ে বড় অভিযানটি পরিচালিত হয় দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজারে। সেখানে ফরহাদ হোসেনের ইলেকট্রিক দোকানের পেছনের একটি কক্ষ থেকে ৪ কেজি ৮৫০ গ্রাম ওজনের কষ্টিপাথর সদৃশ বস্তুসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সাইদুল ইসলাম, ফরহাদ হোসেন, বাবু মিয়া, ফেলু মিয়া, আমজাদ হোসেন, জোয়াহের, সবুজ মিয়া ও কামরুজ্জামান ওরফে রিপন। পুলিশের ভাষ্যমতে, আটককৃতরা একটি কষ্টিপাথর চোরাকারবারী চক্রের সদস্য। এদের মধ্যে চারজনের বাড়ি দেওয়ানগঞ্জে এবং বাকি চারজনের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী ও গোপালপুর এলাকায়। আটক ব্যক্তিরা হলেন সাইদুল ইসলাম (৪১), ফরহাদ হোসেন (৩৫), বাবু মিয়া (৪২), ফেলু মিয়া (৩১), আমজাদ হোসেন (৭০), জোয়াহের (৫৩), সবুজ মিয়া (৪৪) ও কামরুজ্জামান ওরফে রিপন (৬০)।

ডিবি-২-এর ইনচার্জ সজীব রহমান জানান, গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে পরবর্তী সময়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন