কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিকসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রকাশ:

ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ নামক একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশের কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ তার পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বহুতল ওই হোটেলটিতে আগুন লাগলে হতাহতের এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের কাগজ ও নাগরিক টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত (৪০), তার স্ত্রী আফসানা শাম্মী (৩৬), ছেলে স্বর্ণশীষ (২) এবং শ্বশুর আকরাম আলী (৬৮)। কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু এই পরিবারের সদস্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দেবাশীষ দত্ত তার পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসার জন্য গত ৩ আগস্ট ভারতে যান। ব্যাঙ্গালুরুতে স্ত্রীর চিকিৎসা শেষে ১৮ আগস্ট বিমানে তারা কলকাতায় পৌঁছান এবং ওই হোটেলে ওঠেন। ১৯ আগস্ট তাদের কুষ্টিয়ায় ফেরার কথা ছিল। দেবাশীষের ৬ বছর বয়সী এক মেয়ে বাংলাদেশে তার দাদির কাছে রয়েছে।

দেবাশীষ দত্ত কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার চেয়ারম্যান গলির বাসিন্দা ছিলেন এবং তার শ্বশুর বাড়ি থানাপাড়ায়। তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কুষ্টিয়া প্রেস ক্লাবের বিভিন্ন পদে দায়িত্ব পালন করা এই সাংবাদিকের মৃত্যুতে কুষ্টিয়ার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার শ্বশুর আকরাম হোসেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, যিনি মেয়ের চিকিৎসার সঙ্গী হিসেবে ভারতে গিয়েছিলেন। দেবাশীষের বাড়িতে পরিবারের সদস্যদের এখনো পুরো ঘটনা জানানো হয়নি।

শেয়ার করুন