গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সাতজন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন বন্দী কারাগার থেকে বেরিয়ে যেতে সক্ষম হলেন, তা খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে।
বরখাস্তকৃতদের তালিকায় রয়েছেন তত্ত্বাবধায়ক লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা। গত বৃহস্পতিবার মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা রিম্পা (২১) কারাগার থেকে পালিয়ে যান। ঢাকার ধানমন্ডি থানার একটি ভ্রাম্যমাণ আদালতের দেওয়া মামলায় তিন মাসের সাজা ভোগ করছিলেন তিনি।
কারা সূত্র জানায়, ঘটনার দিন সন্ধ্যায় কারাগারের ভেতর প্রায় ৪০ জন নারী বন্দীকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বন্দী পালানোর বিষয়টি নিশ্চিত হয়েছে কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।




