৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ খাতের উন্নয়নে চীনা ব্যাংকের বিনিয়োগ চেয়েছেন জ্বালানিমন্ত্রী

প্রকাশ:

বাংলাদেশের বিদ্যুৎ খাতের আধুনিকায়ন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগত প্রকল্পে অর্থায়নের বিষয়ে চায়না এক্সিম ব্যাংকের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছে সরকার। গত ১৫ অক্টোবর, বৃহস্পতিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইংয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চীনা বিনিয়োগ বাড়াতে বিশেষ আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় উন্নয়নের মূল ভিত্তি হিসেবে স্থিতিশীল বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের গুরুত্ব তুলে ধরেন। তিনি পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের পরবর্তী ধাপের সম্প্রসারণ, স্মার্ট গ্রিড ও নিয়ন্ত্রণব্যবস্থা প্রতিষ্ঠা এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির (ডিপিডিসি) নেটওয়ার্ক উন্নয়নে দ্রুত অর্থায়নের বিষয়টি বিশেষ বিবেচনায় নিতে ব্যাংক কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

এছাড়া সরকার প্রণীত ‘নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৬’-এর আওতায় বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যমাত্রা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। জাতীয় গ্রিডের আধুনিকায়ন ও স্মার্ট গ্রিড নির্মাণসহ পায়রা বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণ এবং ডিপিডিসির সঞ্চালন লাইন শক্তিশালীকরণের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। মন্ত্রী সবুজ জ্বালানি খাতের প্রসারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্প্রতি গৃহীত বিনিয়োগবান্ধব শুল্ক ও কর কমানোর উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন।

আলোচনা শেষে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চায়না এক্সিম ব্যাংকের সহায়তায় বাংলাদেশে বর্তমানে বাস্তবায়িত প্রকল্পগুলো সরজমিনে পরিদর্শনের জন্য ব্যাংকটির প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান। বৈঠকে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম এবং বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই আলোচনার মাধ্যমে দুই দেশের বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদী সহযোগিতার ক্ষেত্র আরও প্রশস্ত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন