তরুণীদের নিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ রাখি সাওয়ান্ত

প্রকাশ:

বলিউড তারকা ও সংসদ সদস্য কঙ্গনা রানাউতের সাম্প্রতিক এক বিস্ফোরক মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জেন-জি প্রজন্ম এবং আন্দোলনকারী ছাত্রীদের লক্ষ্য করে কঙ্গনা যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে বিনোদন জগতে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। তরুণীদের রিলস ও বিক্ষোভকে কঙ্গনা ‘বমি আনার মতো কুৎসিত’ বলে অভিহিত করেছেন। শুধু তাই নয়, আন্দোলনকারী তরুণীদের ‘জেনারেশন গাটার’ বলে কটাক্ষ করার পাশাপাশি, তারা ঐতিহ্যগত মূল্যবোধ হারিয়ে ভালো গৃহিণী হওয়ার যোগ্যতাও হারিয়েছেন বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম আজকালের প্রতিবেদনের বরাতে জানা যায়, কঙ্গনার এই বিষোদ্গার মন্তব্যের পর নেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠে। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। একটি বিস্ফোরক ভিডিও পোস্ট করে রাখি সরাসরি কঙ্গনাকে ‘ডাইনি’ বলে সম্বোধন করেন। রাখির এই বেলাগাম আক্রমণ দেখে নেটিজেনরা রীতিমতো অবাক হয়েছেন। ভিডিওতে রাখি কঙ্গনাকে ‘ফাউল মাউথ’ বা কদর্য মুখের অধিকারী বলে তোপ দাগেন।

রাখি সাওয়ান্ত তার ভিডিওতে কঙ্গনার বিমানবন্দরে চড় খাওয়ার স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, কড়া নিরাপত্তাবেষ্টনী আছে বলেই কঙ্গনা এত বড় বড় কথা বলার সাহস পাচ্ছেন। রাখির চ্যালেঞ্জ, কঙ্গনা যদি ক্ষমতা রাখেন তবে যেন নিরাপত্তাহীনভাবে একা জনসমক্ষে বের হন। সাধারণ মানুষের মুখোমুখি হলে তবেই কঙ্গনা দেশের তরুণ প্রজন্মের আসল শক্তির পরিচয় পাবেন বলে দাবি করেন রাখি।

একই সঙ্গে রাখির প্রশ্ন, একজন সংসদ সদস্য হিসেবে দেশের মেয়েদের ছোট করার অধিকার কঙ্গনাকে কে দিয়েছে? নিজের অতীতের দিকে না তাকিয়ে দেশের তরুণীদের অপমান করার কোনো যোগ্যতা কঙ্গনার নেই বলেও মন্তব্য করেন রাখি। বলিউডের এই দুই চর্চিত তারকার কাদা ছোড়াছুড়ি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন দেখার বিষয়, রাখির এই চরম আক্রমণের পাল্টা কোনো জবাব কঙ্গনা দেন কি না।

শেয়ার করুন