১৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারকের আসনে রুহানী সালসাবিল, স্মৃতিকাতর শৈশবের আঙিনায়

প্রকাশ:

উপস্থাপনা ও নৃত্যে পরিচিতি পাওয়া রুহানী সালসাবিল এবার যুক্ত হলেন বিচারকের নতুন ভূমিকায়। জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘শাপলা কুঁড়ি ২০২৬’-এর ঢাকা বিভাগের নৃত্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। একসময় জাতীয় পর্যায়ের বিভিন্ন নাচের প্রতিযোগিতায় প্রতিযোগী হিসেবে অংশ নেয়া রুহানী বলেন, এটি তার জন্য একই সঙ্গে আনন্দ ও আবেগের এক দারুণ অভিজ্ঞতা। ছোটবেলায় ভরতনাট্যমের অভিজ্ঞ শিল্পী বেলায়েত হোসেনকে বিচারক হিসেবে পেতেন তিনি। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে রুহানী জানান, আজকের প্রতিযোগিতায় একই বিচারক প্যানেলে বেলায়েত স্যারের পাশে বসে দায়িত্ব পালন করা তার জন্য ছিল এক অন্যরকম অনুভূতি। এছাড়া জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় অতীতে মনিপুরী নৃত্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও রয়েছে তার ঝুলিতে।

নিজের নৃত্যের হাতেখড়ি ও শুরুর দিকের সংগ্রামের কথা বলতে গিয়ে রুহানী জানান, ছোটবেলায় মায়ের হাত ধরে বগুড়া থেকে ঢাকায় আসতেন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। তিনি স্মৃতিচারণ করেন, ২০১০ সালে শিক্ষক সোহাগ স্যারের কোরিওগ্রাফিতে ‘হৃদয় আমার নাচেরে আজিকে’ গানে নৃত্য পরিবেশন করে তিনি বিটিভিতে তালিকাভুক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। দীর্ঘ সময় পর সেই পুরনো দিনগুলোর কথা মনে করে সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে তিনি আবেগপূর্ণ আলোচনা করেছেন। বর্তমান প্রজন্মের শিশুদের নাচ ও পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, এ সময়ের খুদে শিল্পীরা আমাদের চেয়েও অনেক বেশি দক্ষ, তাই তাদের বিচার করা বেশ কঠিন কাজ। নিজের শৈশবের স্মৃতিও যেন ফিরে এসেছে এ সময়।

বর্তমানে রুহানী সালসাবিল কেবল নৃত্য বা বিচারক হিসেবেই নন, উপস্থাপিকা হিসেবেও নিয়মিত কাজ করে যাচ্ছেন। যদিও আগের তুলনায় টেলিভিশনের অনুষ্ঠানের সংখ্যা কিছুটা কমিয়ে এনেছেন, তবে নিয়মিত প্রচার হচ্ছে তার বেশ কিছু অনুষ্ঠান। এর মধ্যে বিটিভিতে ‘সেলিব্রিটি শো’, অনলাইন প্ল্যাটফর্মে ‘ক্যাচ দ্য স্টার’, আরটিভিতে ‘সেফস স্টুডিও’, এসএটিভিতে ‘সাইন অন’ এবং দেশ টিভিতে ‘স্টার লাউঞ্জ’ উল্লেখযোগ্য। সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু-তে অনুষ্ঠিত এক করপোরেট ইভেন্টেও উপস্থাপনা করেছেন তিনি। আয়োজকদের পক্ষ থেকে ইংরেজি উপস্থাপনার জন্য তিনি এখন বেশি চাহিদা পাচ্ছেন, তবে বাংলা উপস্থাপনার কাজও সমান্তরালে চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, ‘শাপলা কুঁড়ি ২০২৬’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা খুব দ্রুতই অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পেশাগত জীবনে রুহানী সালসাবিল একজন স্থপতি হিসেবেও নিয়মিত অফিস করছেন। অভিনয়ের জগৎ থেকে সাময়িকভাবে দূরে থাকলেও উপস্থাপনা, নৃত্য এবং স্থাপত্যবিদ্যার পেশাগত দায়িত্বের মাঝে তার সময় কাটছে অত্যন্ত ব্যস্ততায়। এত সব পরিচয়ের ভিড়ে সংসার এবং তার একমাত্র সন্তান শীর্ষকে ঘিরেই এখন তার জীবনের মূল স্বপ্ন ও সবটুকু আবেগ আবর্তিত হয়। কর্মব্যস্ত দিনলিপিতেও পরিবারের জন্য সময় বের করাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

শেয়ার করুন