বলিউড তারকা রণবীর কাপুর সোমবার ৪৪ বছরে পদার্পণ করেছেন। বিশেষ এই দিনে ভক্ত ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। নিজের বাড়ির সামনে উপস্থিত আলোকচিত্রী ও অনুরাগীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি আনন্দের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন এই অভিনেতা। ৪৪ বছরে পা দিলেন বলিউডের এই অভিনেতা। এদিকে জন্মদিনে ভক্তদেরও সময় দিয়েছেন রণবীর। বাড়ির বাইরে এসে আলোকচিত্রীদের সঙ্গে কথা বলেন।
তবে অভিনেতার জন্মদিনের সবচেয়ে বড় চমক এসেছে স্ত্রী আলিয়া ভাটের পক্ষ থেকে। আলিয়া তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে রণবীরের সঙ্গে ব্যক্তিগত জীবনের কিছু দুর্লভ ও রোমান্টিক মুহূর্তের ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোর একটিতে রণবীরকে আলিয়ার কোলে বসে থাকতে দেখা যায়, অন্য একটিতে তাঁদের ছোট্ট মেয়ে রাহার সঙ্গে রণবীরের আনন্দঘন মুহূর্ত ফুটে উঠেছে। এছাড়া একটি সেলফিতে রণবীরের গালে আলিয়ার লিপস্টিকের দাগ স্পষ্ট ছিল। ছবিগুলোর ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘হ্যাপি বার্থডে কিউটি’। এমন আন্তরিক পোস্ট দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন, কারণ সচরাচর তাঁরা ব্যক্তিগত মুহূর্তগুলো আড়ালেই রাখতে পছন্দ করেন। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যেও শুরু হয় উচ্ছ্বাস। কারণ, রণবীর ও আলিয়া সাধারণত তাঁদের ব্যক্তিগত জীবন খুব বেশি প্রকাশ্যে আনেন না। এক ভক্ত লিখেছেন, ‘আমি আপনার স্বামীর প্রেমে পড়ে গেছি। আরেকজনের মন্তব্য, ‘সবচেয়ে প্রতীক্ষিত পোস্ট। কেউ করছেন প্রশংসা, কেউ সমালোচনা, আলিয়ার লুক নিয়ে তোলপাড়।
পেশাগত জীবনের ব্যস্ততা নিয়ে রণবীর বর্তমানে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমার কাজ করছেন। এর মধ্যে অন্যতম হলো নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’। এতে রামের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর, সীতার চরিত্রে আছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ। ছবিটি ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে।
এছাড়া সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতেও দেখা যাবে তাঁকে। এই সিনেমায় আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। রণবীরের হাতে থাকা অন্য বড় প্রকল্পের মধ্যে রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল পার্ক’। এটি ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘অ্যানিমেল’-এর পরবর্তী কিস্তি। এছাড়া অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার দ্বিতীয় খণ্ডেও রণবীরের অভিনয় করার কথা রয়েছে।





