ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব থাকলেও নিজের প্রেম বা বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য তিনি করেননি। তবে টালিউডের অন্দরমহলে মিমির বিয়ের গুঞ্জন এখন তুঙ্গে। শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসতে পারেন জলপাইগুড়ির এই কন্যা। বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের মধ্যেই সামনে এসেছে মিমি চক্রবর্তীর কথিত হবু স্বামীর নাম ও পরিচয়।
জানা গেছে, মিমির হবু স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত। তিনি শোবিজ জগতের মানুষ নন, বরং পেশায় একজন দক্ষ আন্তর্জাতিক মেরিন ইঞ্জিনিয়ার। কলকাতার বাসিন্দা সিদ্ধার্থ পড়াশোনা করেছেন ক্যালকাটা বয়েজ স্কুলে। এরপর মেরিন ইঞ্জিনিয়ারিং শেষ করে তিনি আন্তর্জাতিক মার্চেন্ট নেভিতে যোগ দেন। ২০০৮ সালের মার্চ মাস থেকে যুক্তরাজ্যের আন্তর্জাতিক শিপিং সংস্থা ‘শেল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড’-এ কাজ করছেন তিনি। বর্তমানে এই বহুজাতিক প্রতিষ্ঠানে সিনিয়র মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সিদ্ধার্থ। গুঞ্জন রয়েছে, পূজার সময়েই মিমি ও সিদ্ধার্থের মধ্যে প্রেমের সূত্রপাত ঘটেছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে মিমির সঙ্গে এক ব্যক্তিকে দেখা গেছে। দাবি করা হচ্ছে, সেই ব্যক্তিই সিদ্ধার্থ দত্ত। টালিপাড়ার বন্ধুদের সঙ্গে ওই ছবিতে তাকে দেখা গেছে বলে জোর আলোচনা চলছে। শোনা যাচ্ছে, শীতের আমেজে পাহাড়ি শহর কালিম্পংয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। তবে পাত্র কিংবা পাত্রী কেউই এখনো তাদের সম্পর্ক বা বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। মিমি চক্রবর্তী তার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় নীরব থাকাই পছন্দ করেন, তাই বিয়ের চূড়ান্ত খবর পাওয়ার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।





