১৭ বছরের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: আইনমন্ত্রী

প্রকাশ:

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান বলেছেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা লাখ লাখ রাজনৈতিক মামলার মাধ্যমে হয়রানি করা হয়েছে। তিনি ঘোষণা করেছেন, এই সময়ে দেশে যতগুলো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তার প্রতিটি হত্যারই বিচার করা হবে এবং দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

রোববার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির আধুনিক ১০তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আইনজীবীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ১/১১-এর সময় তাকে দেশ ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল দেশ ছাড়লে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে এবং রাজনীতি করতে হবে না, এমনকি তার দুই সন্তানকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেশ ছাড়েননি। তিনি বলেন, যে দেশের মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর রয়েছে এবং যেখানে লাখো-কোটি সন্তান বসবাস করেন, সেই দেশ ছেড়ে তিনি যাননি। অন্যদিকে আরেক নেত্রী দেশের কথা না ভেবে সুযোগ-সুবিধা নিয়ে বিদেশে চলে গেছেন।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে এবং ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে সব নাগরিকের জন্য উন্মুক্ত করা হবে।

ব্যয়সংযমের উদাহরণ দিয়ে আইনমন্ত্রী আরও বলেন, তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর জন্য ঢাকায় ২৮টি গাড়ির পরিবর্তে চারটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে। ফলে একদিকে যেমন যানজট কমেছে, অন্যদিকে সরকারি ব্যয়ও হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রী হয়েও তিনি ১০০ টাকার বেশি মূল্যের খাবার গ্রহণ করেন না—এমন উদাহরণ দিয়ে তিনি সরকারের ব্যয়সংযম ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। এছাড়া অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেন এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন।

শেয়ার করুন