যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত জানানো হয়। আগামী ৫ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ আগস্ট সকাল ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর সকাল ৯:৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন পর্যন্ত একটি ‘বিজয় র্যালি’ অনুষ্ঠিত হবে। সকাল ৯:৫৫ মিনিটে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সম্মুখে কেক কাটা হবে এবং সকাল ১০:০০টায় টিএসসি ভবনের ৩য় তলায় শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে সকাল ১০:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে ‘জুলাই ২০২৪ গণআকাঙ্ক্ষা, সংগ্রাম ও নতুন বাংলাদেশের স্বপ্ন’ শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই সাথে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে।
এছাড়া, বাদ জোহর যবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা ও শহীদদের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে এবং বিকেলে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।





