ফেসবুকে উসকানিমূলক পোস্ট, জাবি ছাত্র কারাগারে

প্রকাশ:

ফেসবুকে জুলাই আন্দোলনকারীদের নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী শারাফাত শারিক রোহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এই আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই মানষ ভদ্র সাইবার সুরক্ষা আইনের এই মামলায় আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, আসামির বিরুদ্ধে অভিযোগের স্বপক্ষে তথ্য পাওয়া যাচ্ছে। অভিযুক্ত শিক্ষার্থী উসকানিমূলক পোস্টের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি ও সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করেছেন। এছাড়া তিনি ভিন্ন জেলার স্থায়ী বাসিন্দা হওয়ায় তার নাম-ঠিকানা যাচাই করা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি এবং জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়। তদন্তের স্বার্থে মামলার চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে জানানো হয়।

আসামিপক্ষ থেকে জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আবু সৈয়দ বাদী হয়ে আশুলিয়া থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রোহান গত ৫ আগস্ট ভোর ৪টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্য করেন। তার পোস্টে আন্দোলনকারীদের ‘জুলাই জঙ্গি’ ও ‘জুলাই মুরতাদ’ হিসেবে অভিহিত করা হয়। এই স্ট্যাটাস ঘিরে শের-এ-বাংলা এ কে ফজলুল হক হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং হল ছাত্র সংসদের নেতারা তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করেন। জিজ্ঞাসাবাদে আসামি ইচ্ছাকৃতভাবে ফেসবুক ব্যবহার করে উসকানিমূলক তথ্য প্রচার ও সাইবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন