জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের একটি শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২০০৭/বি নম্বর কক্ষে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থীর নাম আসমা বিনতে মফিজ, যিনি অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ) শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের ভাষ্যমতে, নির্ধারিত সময়ে ক্লাস চলার সময় হঠাৎ করেই সিলিং থেকে ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। এ সময় বেঞ্চের একপাশে বসে থাকা আসমার মুখের বাম পাশে ফ্যানের পাখার আঘাতে তিনি আহত হন। তাৎক্ষণিকভাবে সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শ্রেণিকক্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।
আহত শিক্ষার্থী আসমা বিনতে মফিজ বলেন, ক্লাসে বসে থাকা অবস্থায় হঠাৎ ফ্যানটি খুলে পড়ে আমার মুখে আঘাত লাগে। আমি এখনো ব্যথা অনুভব করছি। তিনি এ ঘটনার যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ঝুঁকিপূর্ণ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য শ্রেণিকক্ষের সব বৈদ্যুতিক সরঞ্জাম ও ফ্যান নিয়মিত পরীক্ষার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পাওয়ার পরপরই আহত শিক্ষার্থীর খোঁজ নেওয়া হয়েছে এবং তাকে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং অন্য কোনো শ্রেণিকক্ষে এমন ঝুঁকি আছে কি না, তা যাচাই করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানান, বিষয়টি জানার পরপরই প্রকৌশল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আহত শিক্ষার্থী গুরুতর আহত নন এবং তার শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ভবন ও শ্রেণিকক্ষের অবকাঠামোগত ত্রুটি পরিদর্শন ও মেরামতের জন্য প্রশাসন থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।





