যশোরে বিজিবির পোশাক ও ওয়াকিটকি উদ্ধার, ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশ:

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি অভিযানে সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১ আগস্ট) রাতে কোতয়ালী থানাধীন ষষ্ঠিতলা এলাকায় এই অভিযান চালানো হয়। যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদের গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠিতলা এলাকার রবিন্দ্রনাথ শাহার বাড়ির (৭৩১/২) তৃতীয় তলায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশ দরজা খুলতে বললে ভিতর থেকে একজন নিজেকে বিজিবি সদস্য হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে বাড়ির মালিককে নিয়ে পুলিশ রুমের ভেতর প্রবেশ করে এবং তাদের কাছে পরিচয়পত্রের স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় তাদের গ্রেপ্তার করে।

অভিযানের সময় তাদের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে এক সেট বিজিবির পোশাক, দুই সেট স্টিলের হাতকড়া, দুটি ওয়াকিটকি সেট এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার ও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন যশোর জেলার শার্শা থানার গোগা গাজী পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ উজ্বল হোসেন (৩০) ও মোঃ আনারুল ইসলাম (৩২) এবং হরিশচন্দ্রপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ তোফাজ্জেল হোসেন (৩০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে উজ্জ্বলের বিরুদ্ধে ইতিপূর্বে ৫টি এবং আনারুলের বিরুদ্ধে ১টি মামলা চলমান রয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন