জামালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ কমাতে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা রেস্ট হাউজ প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদকের নেতৃত্বে অংশগ্রহণকারীরা বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক, উপজেলা পরিষদ চত্বর এবং দীর্ঘদিন ধরে অবহেলিত বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় পরিষ্কার করেন। অভিযানে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। উপস্থিত ব্যক্তিদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, বিএনপি নেতা মো. জয়নাল আবেদীন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদনুর সাদী, সাংবাদিক মো. শাহীন আলম ও এনসিপি নেতা ছাদিকুর রহমান স্বাধীন। এছাড়া এলজিইডিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক এই কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। তিনি জামালগঞ্জকে একটি স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, কেবল প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, বরং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমে আসবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এমন অভিযানের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শেয়ার করুন