৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবল ও দুই সহযোগী

প্রকাশ:

গাজীপুরের শ্রীপুর পৌরসভা এলাকায় মাদক সেবনের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে স্থানীয় বাসিন্দারা পৌরসভার কেওয়া বাজারসংলগ্ন একটি ভাড়া বাসায় তাদের মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করেন। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। এই অভিযানে ওই বাসা থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের মধ্যে পুলিশ সদস্য হিসেবে পরিচয় পাওয়া গেছে ৩৮ বছর বয়সী সারোয়ার মোর্শেদের। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত। অপর দুজন হলেন—শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার বাসিন্দা সবুজ মিয়া (৩২) এবং রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুরো বিষয়টি শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন ওসি শাহীনুর আলম।

শেয়ার করুন