দক্ষিণ আফ্রিকার উদীয়মান ফুটবলার জেডেন অ্যাডামসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। কেপ টাউন সেন্ট্রাল পুলিশের পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে, গত শনিবার বেলা ১১টার দিকে স্কটসচে ক্লুফ এলাকার একটি বাড়ি থেকে ফুটবলারের মরদেহ উদ্ধার করা হয়। এরপরই পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জেডেন অ্যাডামসের বাবা হুয়ানিতো অ্যাডামস দেশটির গণমাধ্যম ইএনসিএ-কে জানিয়েছেন, পরিবারের সদস্যরা এখনো ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় আছেন, যার ফলে শেষকৃত্যের তারিখ এখনো চূড়ান্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, এটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি মৃত্যু। আমাদের পরিবারের জন্য বিষয়টি মেনে নেওয়া অত্যন্ত কঠিন। মানুষ সান্ত্বনা দিয়ে বলে যে সময়ের সাথে শোক সহজ হয়ে যায়, কিন্তু এমন কষ্ট কখনো সহজ হয় না, বরং তা নিয়েই বেঁচে থাকতে শিখতে হয়।
ফুটবল ক্যারিয়ারের উজ্জ্বল সম্ভাবনার মুখে থাকা অ্যাডামস মাত্র দুই সপ্তাহ আগেই দক্ষিণ আফ্রিকার ফুটবল ইতিহাসের অংশ হয়েছিলেন। ২০২৬ বিশ্বকাপে দেশের প্রথম নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পেছনে এই মিডফিল্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই মাঠে নেমেছিলেন, যদিও রাউন্ড অব ৩২-এ কানাডার বিপক্ষে ১-০ গোলে হেরে বিদায় নেওয়া ম্যাচে তিনি খেলেননি।
দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, বিশ্বকাপের চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের দাদির মৃত্যুসংবাদ পেয়েছিলেন অ্যাডামস। ব্যক্তিগত শোকের মধ্যেও দেশের জার্সির প্রতি দায়িত্ববোধ থেকে তিনি মাঠে নেমেছিলেন। একইসাথে ক্রীড়ামন্ত্রী গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ নিয়ে কোনো ধরনের গুজব বা জল্পনা-কল্পনা না ছড়ানোর জন্য।
এদিকে, জেডেন অ্যাডামসের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার অনুষ্ঠিত ইংল্যান্ড-নরওয়ে এবং আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।



